মে ঘ লা জা ন্না ত

  • মেয়ে মানুষ
  • ২০২৩-০৯-০৫ ২২:৫৪:০৪
image

অনেক আমন্ত্রণেই জাগ্রত দেবী তুমি
কখনো বিচিত্র বাসনা মেটাতে,
কখনো ইচ্ছা-অনিচ্ছার দৈত আদলে চুপচাপ সব মেনে নিতে
ভুবন-ভূমির গায়ে গা লাগিয়ে, 
অট্টালিকার সঙ্গে নিজেকে সঙ্গিনী সাজিয়ে
বহুদিনের পলি জমা নিশ্চুপ পড়ে থাকা দুঃখ স্তূপ- গুলিতে, 
শীতকালীন পোড়ানো আগুন ধোঁয়ায় উধাও করারও সামর্থ্য বিদ্যমান তোমার আচরণের ঝুলিতে!

কোথায় নেই তুমি- ফাস্টক্লাস,মিডল ক্লাস,লো-ক্লাস!
কতো রূপের রুটিন পরিবর্তনে পরিচিত তুমি! 
কারো বন্ধু, কারো শত্রু, কারো আবার প্রয়োজনের  প্রতিনিধিত্বে...
কতোবার ভাঙ্গো কতোবার জোড়া দাও নিজেকে 
অনন্তকালের অর্থহীন সাক্ষী হয়ে যুগে যুগে তোমার আবির্ভাব। 

বিষ খেয়ে হজম করার ক্ষমতা, আবার সেই বিষাক্ত 
অভিজ্ঞতায় প্রজন্মের শিক্ষানীতির প্রশিক্ষক স্বভাব।

নিজের কোন অভাব নেই, নেই কোন অভিযোগ সমাচার,
মেয়ে মানুষ বলেই তুমি করে যাচ্ছো বিশ্ব ভরা সংসার। 
যাপিত জীবনের সবসমাধানে তোমার এখনো  কাটেনি ঘোর,
যতো জটিলতা,যতো হোক সংশয় তোমার জানা আছে উত্তর।
জন্মান্ধের মতো নিজেকে সম্পৃক্ত রাখতে অন্ধ বিশ্বাসে
নিশ্বাস জাগানিয়া নারী তুমি বেঁচে থাকো এই আশ্বাসে।

এবার নিমন্ত্রণ গ্রহণের সময় এসেছে.... 
যেতে হবে তোমায়, অনন্তের ডাকে সাড়া দিতে....
তবে আবার আসবে, আসতেই হবে তোমায় নতুন করে সেই পুরাতন পরিচয়ে...!