নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে,অবাধ ভোটের প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-০১ ২০:২৯:৩০
image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
রোববার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অতীত নির্বাচনের উদাহরণ টেনে তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫ শতাংশ। রাজনৈতিক ঐকমত্য ও বর্তমান বাস্তবতা বিবেচনায় এবার ভোটার অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি বিশ্বাস করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল। তবে বর্তমানে প্রধান রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ায় সেই বিভ্রান্তি অনেকটাই কেটেছে। তিনি বলেন, ভোটাররা সাধারণত নিজ নিজ রাজনৈতিক দলের অবস্থান অনুসরণ করে থাকেন। ফলে প্রস্তাবটি সহজেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বিষয়টিকে তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, পাকিস্তান কখনোই স্পষ্ট করে বলেনি যে তারা খেলবে না, বরং বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব, আর পাকিস্তান খেলবে কি না, তা পুরোপুরি তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাবের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

 কী-ওয়ার্ডসঃজাতীয় সংসদ নির্বাচন,ভোটার উপস্থিতি,পররাষ্ট্র উপদেষ্টা