সেন্টমার্টিনে নামছে নয় মাসের নীরবতা, রোববার থেকে পর্যটন বন্ধ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-৩১ ২১:০৪:২১
image

পরিবেশ সংরক্ষণের স্বার্থে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন দ্বীপে টানা নয় মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে রোববার থেকে প্রবাল দ্বীপটিতে পর্যটন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের শেষ দিন হিসেবে পর্যটন কার্যক্রম শেষ হচ্ছে। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকদের যাতায়াতের অনুমতি থাকলেও, এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা দুই মাস কমিয়ে আনা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, শনিবারই শেষবারের মতো পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যাবে জাহাজগুলো। রোববার থেকে পর্যটকবাহী কোনো নৌযান চলাচলের অনুমতি থাকবে না। ভবিষ্যতে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী নতুন ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘ সময় পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, সময়সীমা কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী লোকসানে পড়েছেন এবং বিনিয়োগের অর্থও তুলতে পারেননি। পর্যটন বন্ধ থাকলে আগামী কয়েক মাস দ্বীপবাসীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মধ্যে রয়েছে সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও বিক্রি নিষিদ্ধ করা। পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও শামুক-ঝিনুকসহ কোনো প্রাণীর ক্ষতি করা যাবে না।
এছাড়া সৈকতে মোটরচালিত যান চলাচল এবং পলিথিনসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

কীওয়ার্ডস:সেন্টমার্টিন পর্যটন,পরিবেশ সংরক্ষণ,প্রবাল দ্বীপ,পর্যটক নিষেধাজ্ঞা