এই যে তুমি স্বাধীন ভাবে ইস্কুলে যাও রোজ,
এই যে তুমি ন্যায় পেতে আইন করো খোঁজ,
ইচ্ছে মত পোষাক পরো, সমাজে বাস করো,
নিজের মধ্যে ভালবাসা, ভ্রাতৃত্ববোধ গড়ো,
এই যে তুমি পরিশ্রম করে ন্যায্য বেতন পাও,
ইচ্ছেমত অন্যধর্মী জীবনসঙ্গী চাও,
তোমার মধ্যে আইনী ক্ষমতার এই যে জোরাজুরি-
একেই বলে প্রজাতন্ত্র,ছাব্বিশে জানুয়ারি।
এই যে তুমি দাঁড়িয়ে দেখো আপন চক্ষু মেলে -
তোমার গ্রামের রাম ও রহিম এক উঠোনে খেলে,
একই স্থানে মাইকেল মহাবীরের স্তবের স্বাধীনতা,
এই যে তোমার মধ্যে রয়েছে অসাধুতার দীনতা,
এই যে তুমি সবার কাছে ব্যক্তিমর্যাদা পাও,
এই যে তুমি ধর্মে থেকেই ধর্মনিরপেক্ষ হও,
এই যে সবার অধিকারে সমতার কড়াকড়ি-
একেই বলে প্রজাতন্ত্র,ছাব্বিশে জানুয়ারি।
এই যে তুমি স্বাধীনতা পেয়েছো আয় ব্যায়ে,
'সমান শিক্ষা' পেয়ে থাকো বলতো কার রায়ে?
এই যে তুমি নিজ কৃতিত্বে প্রতিষ্ঠা লাভ করো,
এই যে তুমি সবার মধ্যে জাতীয় ঐক্য গড়ো,
এই যে- তোমার আমার সুযোগে অভিন্ন জড়াজড়ি-
একেই বলে প্রজাতন্ত্র,ছাব্বিশে জানুয়ারি।