মো শা হে দ চৌ ধু রী

  • ভালোবাসার বিষ
  • ২০২৬-০১-৩১ ১০:১৫:২২
image

সাবধান ! বুকে এসো না -- এই বুকে জমে আছে শত শতাব্দীর হলাহল 
যা নিজ হাতে তুলে নিয়েছি, পান করেছি হাসিমুখে। 
কারো মায়ায়, কারো দোলায়, কারো ভালোবাসার ছলনায়। 
কেউ কেউ বলেছিলো -- ভালোবাসলে জীবন হবে মধুময়। 
আমি বিশ্বাস করেছিলাম, যেমন সক্রেটিস বিশ্বাস করেছিলেন সত্যকে
কিন্তু এ ভালোবাসাও ছিল হেমলকের চেয়েও তীব্র।

কেউ হাত বাড়িয়ে বলেছিল --- চলো ! আমি তোমায় সুখ দেবো
আমি ভেবেছিলাম, সুখ মানে আলো। 
পরে দেখলাম, সুখ আসলে জমে থাকা অন্ধকার, 
যা শরীরে নয়, আত্মায় ছড়ানো যন্ত্রণা।
কেউ ভালোবেসে বলেছিল --- তুমি ছাড়া বাঁচবো না অথচ সেই আমিই পরে দেখেছি অন্যের বাহু লগ্না হতে।
কেউ বলেছিল --- তুমি আমার সব
কিন্তু সেই সবের মধ্যে আমি ছিলাম কেবল এক ছায়া।

তাই বলি -- সাবধান, বুকে এসো না।
এ বুকে এখন দ্বিচারিণীর বিষ-গন্ধ ছড়ায় 
প্রতারণার ধোঁয়া, অতীত তিক্ততা প্রতিধ্বনি তোলে
এই বুকে ফুল ফোটে না, কেবল বিষবৃক্ষটি ফল দেয় 
তার ফল সুমিষ্ট কিন্তু মারণঘাতী।
মানুষ যা দিয়েছে, তা প্রেম নয় -- তা এক পরিমিত, পরিশীলিত, গ্রহণযোগ্য বিষ।
আমি সেই গরল গিলে বেঁচে আছি -- মরিনি সক্রেটিসের মতো,
তবু প্রতিদিন একটু একটু করে মরি নিজের ভেতর।

তুমি যদি আসো, জানতে হবে -- এ আমার ভালোবাসা নয়, বেঁচে থাকার আর্তি।
তুমি যদি ভালোবাসতে আসো, জেনে রেখো --
এই হৃদয়ের নরম মাটি এখন করবীর শেকড়ে ভরা।
তবু যদি আসতে চাও এসো বিষের মতো ধীরে, নিঃশব্দে।
আমি ভালোবাসবো,
যেমন সক্রেটিস ভালোবেসেছিলেন সত্যকে 
তিনি জানতেন শেষ পানপাত্রে অপেক্ষা করছে মৃত্যু।