বিগত সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা জনগণের সম্পদ। এই অর্থ ফেরত এনে দেশের উন্নয়ন খাতে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, জামায়াত ক্ষমতায় এলে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং চাঁদাবাজির রাজনীতির অবসান ঘটানো হবে।
তিনি বলেন, নির্বাচনের পর দেশের চিত্র বদলে যাবে এবং চাঁদাবাজদের বড় একটি অংশ কার্যত অচল হয়ে পড়বে। চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের নেতা-কর্মীরাও মাঠে সক্রিয় থাকবে বলে জানান তিনি।
চার দলীয় জোট সরকারের সময় জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি দাবি করেন, সে সময় জামায়াতের কোনো মন্ত্রী দুর্নীতিতে জড়িত ছিলেন না। বরং দুর্নীতি থেকে মন্ত্রণালয় রক্ষার স্বার্থেই তারা দায়িত্ব পালন করেছেন।
এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশে দেশের ভূখণ্ড নয়, পরিবর্তন হবে মানুষের চরিত্র ও দৃষ্টিভঙ্গি। দীর্ঘদিন ধরে যে দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালিত হয়েছে, তা থেকে বেরিয়ে এসে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কীওয়ার্ডস:অর্থ পাচার,জামায়াতে ইসলামী,ডা. শফিকুর রহমান