ভোট ডাকাতির আশঙ্কা এখনও কাটেনি,সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

  • নওগাঁ প্রতিনিধিঃ
  • ২০২৬-০১-২৯ ২৩:৪৭:২০
image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট ডাকাতির ষড়যন্ত্র এখনও পুরোপুরি থেমে যায়নি। তাই জনগণকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার এটিম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়ে গেলেও অন্য একটি গোষ্ঠী ভেতরে ভেতরে সক্রিয় থেকে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা দীর্ঘ সময় জনগণের আন্দোলনে অনুপস্থিত ছিল, তারাই এখন নির্বাচনকে ঘিরে নানামুখী চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের ভোটাধিকার রক্ষাই এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নিশিরাতের নির্বাচন ও ডামি ভোটের মতো ঘটনা যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।
১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোর থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তাহাজ্জুদ ও ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়াই হবে ভোটের অধিকার রক্ষার সবচেয়ে বড় বার্তা।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে-জনগণই সকল ক্ষমতার উৎস। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া উন্নয়ন ও গ্রামীণ মা ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে। নওগাঁ অঞ্চলের উন্নয়নে রেললাইন স্থাপন ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার শিল্প গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।

কীওয়ার্ডস:ভোটাধিকার,তারেক রহমান,নির্বাচনী ষড়যন্ত্র