এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ যে আন্দোলনে অংশ নিয়েছে, তার মূল লক্ষ্য ছিল দুঃশাসনের অবসান ও একটি ন্যায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশকে লুটপাট ও অর্থপাচারের পথে ঠেলে দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত। এর ফলে দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছে।
তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে প্রথমেই দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান ঘটাতে হবে। চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি দেশের সম্ভাবনাকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলি প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন চান এনসিপির আহ্বায়ক।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, নির্বাচনকে ঘিরে একটি দল সারাদেশে সহিংস পরিস্থিতি তৈরি করছে। হত্যা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা অতীতের দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী ১১টি দল আবারও ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, যারা আবারও আওয়ামী লীগসুলভ রাজনীতি কায়েম করতে চায় এবং নিষিদ্ধের বিরোধিতা করছে, তাদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ব্যালট বিপ্লবের’ মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে।
জাতীয় নাগরিক পার্টির নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ও এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতারাও বক্তব্য দেন।
কীওয়ার্ড:গণঅভ্যুত্থান,নাহিদ ইসলাম,এনসিপি