শা হ না জ পা র ভী ন মি তা

  • নৈঃশব্দ্যের শব্দ
  • ২০২৬-০১-২৯ ১৯:৫৭:৪৮
image

নৈঃশব্দ্যের শব্দেরা খেলা করে 
চুপি চুপি এই নিঃসঙ্গ অন্তরে,
কখনো চুড়ির রিনিঝিনি শব্দে 
কখনো প্রতীক্ষার নীরব পদশব্দে। 

যেখানে শুধুই বৃক্ষের সুর 
গভীর অরণ্য আর অলস দুপুর,
কত পাখি বাসা বাঁধে
চুপি চুপি সুর সাধে।

তবুও শুধুই পাতা ঝরে,
গহন বৃক্ষের কবিতা প্রহরে,
ঘর ভাঙ্গে পাখি উড়ে যায় 
গহন গোপনে স্বর্ণালী সন্ধ্যায়। 

শুধুই নির্ঝরের স্বপ্নভঙ্গ
কখনো থেমে যায় মৃদঙ্গ,
ডানা ভেঙ্গে পড়ে যায় পাখি 
কবিতার শব্দের উন্মেলীত আঁখি।

তবুও কত পাখি নীড়ে ফেরে 
গহন বৃক্ষ নিঝুম কবিতা প্রহরে।