কলম্বিয়ায় শোকের আকাশ: ছোট বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ নিহত ১৫

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৯ ১১:৫৫:০৭
image

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা ‘সাতেনা’ পরিচালিত একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির একজন প্রভাবশালী আইনপ্রণেতা ও আসন্ন কংগ্রেস নির্বাচনের একজন প্রার্থী, যা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।
বুধবার (২৮ জানুয়ারি) নর্তে দে সান্তান্দের প্রদেশের পাহাড়ি ও দুর্গম কুরাছিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে—বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্যই বেঁচে নেই।
রাষ্ট্রায়ত্ত সাতেনা এয়ারলাইন্সের ওই ফ্লাইটে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিওজেনেস কুইনতেরো, যিনি কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে দেশটির নিম্নকক্ষে দায়িত্ব পালন করছিলেন। মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার কারণে তিনি জাতীয় পর্যায়ে পরিচিত ছিলেন।
এছাড়া বিমানে কুইনতেরোর সহকর্মী নাতালিয়া অ্যাকোস্টা এবং আগামী মার্চে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোও ছিলেন। কুইনতেরো ২০২২ সালে শান্তি চুক্তির আওতায় গঠিত বিশেষ ১৬টি আসনের একটি থেকে নির্বাচিত হন, যা সংঘাতপীড়িত মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ‘এইচকে৪৭০৯’ রেজিস্ট্রেশন নম্বরের বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ৪২ মিনিটে সান্তান্দেরের রাজধানী কুকুতা বিমানবন্দর থেকে ওকানার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ৪০ মিনিটের এ রুটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নির্ধারণ করা যায়নি। যান্ত্রিক ত্রুটি কিংবা প্রতিকূল আবহাওয়া এ দুর্ঘটনার পেছনে দায়ী কি না, তা খতিয়ে দেখতে কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ বলেন, এই দুর্ঘটনা পুরো জাতিকে এক গভীর বেদনার মধ্যে নিমজ্জিত করেছে।

কীওয়ার্ডঃ কলম্বিয়া বিমান দুর্ঘটনা,সাতেনা এয়ারলাইন্স,দিওজেনেস কুইনতেরো