ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোক। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা অজিত পাওয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হলে আরোহীদের কারও প্রাণ রক্ষা সম্ভব হয়নি।
ডিজিসিএ সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি দিল্লিভিত্তিক চার্টার কোম্পানি ভিএসআরের মালিকানাধীন ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং পুরো কাঠামো ভেঙে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে অজিত পাওয়ার ওই সফরে ছিলেন। বিমানে থাকা অন্য চারজনের মধ্যে যাত্রী ও ক্রু সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারসহ মহারাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতার প্রয়াণকে মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কী-ওয়ার্ডস:অজিত পাওয়ার,বিমান দুর্ঘটনা,মহারাষ্ট্র