ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন মাইলফলক। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে।
এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটগ্রহণ সম্পন্ন করা ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জনের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। পাশাপাশি ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এই পরিসংখ্যান প্রবাসী ভোট ব্যবস্থার ওপর আস্থার প্রতিফলন এবং ভবিষ্যতে এই পদ্ধতির আরও বিস্তারের পথ সুগম করবে।
কী-ওয়ার্ডস:প্রবাসী ভোট,পোস্টাল ব্যালট,জাতীয় নির্বাচন