হজযাত্রীদের যাতায়াতে নতুন দিগন্ত,মক্কায় চালু হলো বৈদ্যুতিক মাসার বিআরটি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৬ ২১:৫৯:৩৯
image

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করতে অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। প্রথমবারের মতো পবিত্র নগরী মক্কায় চালু করা হয়েছে পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র‍্যাপিড ট্রানজিট ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছে ‘মাসার বিআরটি’।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও ওমরাহ যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে এবং ২০২৬ সালের হজ মৌসুমের আগেই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের আওতায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে, যা হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের পার্শ্ববর্তী কেন্দ্রীয় এলাকার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। আলাদা নির্ধারিত লেনে চলাচল করায় এসব বাসকে সাধারণ যানজটে পড়তে হবে না, ফলে হজ ও রমজানের মতো ব্যস্ত সময়ে যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে।
মাসার বিআরটির বাস পরিচালনার দায়িত্বে রয়েছে ইলেক্ট্রোমিন। অত্যাধুনিক বৈদ্যুতিক এসব বাসে শক্তিশালী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিনামূল্যের ওয়াই-ফাই, ইউএসবি চার্জিং সুবিধা এবং বিশেষ ‘নিলিং’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যাত্রীদের ওঠানামা সহজ করবে।
এছাড়া বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে বাসের আগমনের সময় জানা যাবে। যাত্রীরা স্মার্টফোন অ্যাপ কিংবা টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
সৌদি কর্মকর্তারা জানান, ডিজেলচালিত বাসের পরিবর্তে ৪২০ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারিচালিত বাস ব্যবহারের ফলে প্রকল্পটির পুরো কার্যকালজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লাখ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে।
কর্তৃপক্ষের আশা, মাসার বিআরটি চালুর মাধ্যমে মক্কায় তীর্থযাত্রীদের চলাচল আরও সুশৃঙ্খল হবে, একই সঙ্গে যানজট ও বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

কীওয়ার্ডস:হজ পরিবহন,মাসার বিআরটি,মক্কা উন্নয়ন