বাংলাদেশ না যাওয়ায় সূচি বদলানো সম্ভব হয়নি,নিরাপত্তা নিয়ে বিসিবির সিদ্ধান্তে মুখ খুলল বিসিসিআই

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২৬ ২১:৫৩:২৩
image

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে বাংলাদেশের অনাগ্রহের বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে প্রকাশ্যে অবস্থান জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বাংলাদেশ সরকার সফরের অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত দলটি ভারতে আসেনি। ফলে বিশ্বকাপের সূচি শেষ মুহূর্তে পরিবর্তন করা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, বিসিসিআই শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে চেয়েছিল এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছিল। তবে সরকারি অনুমতির অভাবে বাংলাদেশ অংশগ্রহণ নিশ্চিত করতে না পারায় আইসিসিকে বিকল্প পথে হাঁটতে হয়েছে।
তিনি অভিযোগ করেন, এই ইস্যুতে পাকিস্তান অযথা জড়িয়ে পড়ে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজীব শুক্লার মতে, পাকিস্তান নিজেকে বাংলাদেশের বন্ধু হিসেবে উপস্থাপন করে উসকানি দিচ্ছে, যা বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। আইসিসির ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায় নিয়ম অনুসারেই বাংলাদেশকে বাদ দেওয়া হয়।
এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে হওয়াকে বিসিবি নিরাপত্তা শঙ্কার ইঙ্গিত হিসেবে দেখেছিল। এরপর ভারতীয় মাটিতে ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। বিষয়টি সমাধানে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ।
আইসিসি জানিয়েছে, নিরাপত্তা বিশেষজ্ঞদের মূল্যায়নে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বাস্তব ঝুঁকি পাওয়া যায়নি। তাই সূচি পরিবর্তনের সুযোগ ছিল না। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী সরাসরি যোগ্যতা না পাওয়া সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

কীওয়ার্ডস:টি-টোয়েন্টি বিশ্বকাপ,বাংলাদেশ ক্রিকেট,বিসিসিআই বক্তব্য