মহেশখালী টু কক্সবাজার নৌপথে ২ স্পিডবোটের সংঘর্ষ, ১ নারী যাত্রীর মৃত্যু, ১৮ যাত্রীকে জীবিত উদ্ধার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০১-২৬ ২১:০৬:০০
image

মহেশখালী কক্সবাজার

কক্সবাজার টু মহেশখালী নৌপথে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে  নুরুন্নাহার প্রকাশ নাগু (৪৮)নামে ১ নারীর মৃত্যু হয়েছে। 
নিহত নুরুন্নাহার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। 
এ ঘটনায় পানিতে ডুবে যাওয়া আরও ১৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মহেশখালী টু কক্সবাজার নৌপথে বাঁকখালী নদীর মোহনায় 
এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- ২৬ শে জানুয়ারী (সোমবার)দুপুরে মহেশখালীর গোরকঘাটা ঘাট থেকে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট একই সময়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। 
পথিমধ্যে বাঁকখালী নদীর মোহনায় পৌঁছালে সামনের বোটটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির অপর স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বোটটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ২টি বোটই উল্টে গিয়ে যাত্রীরা নদীতে ছিটকে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় চালক সমিতি,অন্য স্পিডবোট ও ট্রলারের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়।
নৌপথে  স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করি। তবে নুরুন্নাহার প্রকাশ নাগু (৪৮) নামে এক নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। 
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদফতরের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিআইডব্লিউটিএ-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।