নির্বাচনী সন্ধিক্ষণে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় আশাবাদ প্রধান উপদেষ্টা ইউনূসের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-২৬ ১৯:৪০:৫৮
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সংবেদনশীল সময়ে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার সেনাসদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অতীতের ধারাবাহিকতায় এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে—এ বিষয়ে সরকার দৃঢ়ভাবে আশাবাদী।
প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জনগণ এবং বিপুল সংখ্যক তরুণ ভোটারের প্রথমবারের অংশগ্রহণ এবারের নির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে মত দেবে এবং সংসদ নির্বাচনের মাধ্যমে সেই মত বাস্তবায়নের জন্য প্রতিনিধি নির্বাচন করবে। ফলে এই নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।
নির্বাচনী দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, মাঠপর্যায়ের সব সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল। সামান্য বিচ্যুতিও যেন জনগণের আস্থাকে ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাহিনীগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগের পাশাপাশি নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইতালি, জাপান ও থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের সঙ্গে অনুরূপ সমঝোতা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সভায় প্রধান উপদেষ্টা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কীওয়ার্ডস:জাতীয় নির্বাচন,সশস্ত্র বাহিনী,প্রধান উপদেষ্টা ইউনূস