ব্যাংককে ইতিহাস গড়ল সাবিনারা,সাফ নারী ফুটসালের প্রথম শিরোপা বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২৫ ১৬:৪৩:১৩
image

দক্ষিণ এশিয়ার ফুটসালে নতুন এক অধ্যায়ের সূচনা স্মরণীয় করে রাখল বাংলাদেশ নারী দল। প্রথমবার অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। রোববার থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।
নন্থাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এক গোল হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে মালদ্বীপ এগিয়ে গেলেও পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন। এরপর পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটসালে মালদ্বীপকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ।
প্রথমার্ধেই ছয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাবিনা খাতুন ও লিপি আক্তার জোড়া গোল করে কার্যত প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে দেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেন সাবিনারা। বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক সাবিনা। পরে সুমাইয়া, নিলুফা ইয়াসমিন, কৃষ্ণা, মেহেরুন আক্তার ও মাসুরা পারভীনের গোলে ব্যবধান বাড়তে থাকে। শেষ বাঁশি বাজার আগেই স্কোরলাইন দাঁড়ায় ১৪-২, যা টুর্নামেন্টে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।
সাত দলের লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করে বাংলাদেশ। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় ভুটান। শেষ ম্যাচের আগে শিরোপা নির্ধারণ ঝুলে থাকলেও মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয়ে কোনো সমীকরণের সুযোগই রাখেনি বাংলাদেশ।
পুরো আসরে সাবিনা খাতুন একাই করেছেন ১৩ গোল। নেতৃত্ব, গতি ও গোল করার ধারাবাহিকতায় তিনি দলকে এনে দিলেন টানা দুই সাফ শিরোপা—আগে ফুটবলে, এবার ফুটসালে। ২০১৮ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ নারী ফুটসাল দল দীর্ঘ বিরতির পর নতুনভাবে গড়ে উঠেই প্রথম সাফ আসরে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ শুধু ট্রফিই জেতেনি, দক্ষিণ এশিয়ার ফুটসালে নিজেদের শক্ত অবস্থানও স্পষ্টভাবে ঘোষণা করেছে।

কীওয়ার্ডস:সাফ নারী ফুটসাল,সাবিনা খাতুন,বাংলাদেশ চ্যাম্পিয়ন