বয়কটের গুঞ্জন পেছনে ফেলে বিশ্বকাপের পথে পাকিস্তান, হারিস রউফ বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২৫ ১৬:৩৩:০১
image

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সময় বোর্ড চেয়ারম্যানের বক্তব্যে বিশ্বকাপ বর্জনের ইঙ্গিতও মিলেছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিক দল ঘোষণা করেছে পিসিবি।
রোববার (২৫ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করা হয়। ঘোষিত দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলি আগাকে। স্কোয়াড ঘোষণার পরপরই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পেসার হারিস রউফের বাদ পড়া। চলমান বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেও বিশ্বকাপ দলে জায়গা পাননি এই ডানহাতি গতিতারকা।
অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে থাকা বাবর আজমকে আবারও বিশ্বকাপ দলে রাখা হয়েছে, যা নিয়ে ইতোমধ্যে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নির্বাচকদের সিদ্ধান্তে অভিজ্ঞতা ও ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্কোয়াডে পেস আক্রমণে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ, আর অলরাউন্ড শক্তি বাড়াতে রাখা হয়েছে শাদাব খান ও মোহাম্মদ নওয়াজকে। উইকেটকিপিং বিভাগে একাধিক বিকল্প রেখেছে পাকিস্তান।
পাকিস্তানের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায়, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান এবং উসমান তারিক।
বিশ্বকাপের আগে এই স্কোয়াড পাকিস্তান ক্রিকেটে নতুন আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে।

কীওয়ার্ডস:পাকিস্তান বিশ্বকাপ দল,হারিস রউফ বাদ,টি-টোয়েন্টি বিশ্বকাপ