আলোচনার মধ্যেই কিয়েভ ও খারকিভে রাশিয়ার তীব্র হামলা, আহত ১৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৪ ০৯:৫৯:৫০
image

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এসব হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই তীরের অন্তত দুটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিটসকো লেখেন, কিয়েভ ব্যাপক শত্রু হামলার মুখে পড়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভ লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত তিনটি জেলায় ড্রোন আঘাত হানে এবং এতে দুই স্থানে আগুন ধরে যায়। জরুরি সেবাদানকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
একই সময়ে রাশিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা চালানো হয়। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন, ড্রোন আঘাতে বাস্তুচ্যুত মানুষের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এতে করে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

কীওয়ার্ডস:ইউক্রেন যুদ্ধ,কিয়েভ হামলা,খারকিভ ড্রোন