ক্ষমতায় গেলে কর্মসংস্থান ও পুনর্গঠনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০১-২৩ ২৩:০২:৩০
image

আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীদের পুনর্বাসনসহ মৌলিক সমস্যাগুলোর সমাধানে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ পুনর্গঠন। তার ভাষায়, স্বৈরশাসনের কারণে রাষ্ট্রের বহু প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গণতন্ত্র ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, সঠিক গণতান্ত্রিক পরিবেশ না থাকায় অতীতে জনগণ তাদের সমস্যাগুলো জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরার সুযোগ পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের জনগণের কাছে গিয়ে সরাসরি সমস্যা শোনার বাধ্যবাধকতা থাকবে। তিনি জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশে বলেন, ভবিষ্যতের জনপ্রতিনিধিরা যেন জনগণের সঙ্গে সংযোগ রেখে বাস্তবভিত্তিক সমাধান দেন, সেটিই তার প্রত্যাশা।
নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরে তারেক রহমান জানান, কৃষিখাতে বিশেষ কার্ড চালু, সহজ শর্তে ঋণ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। পাশাপাশি তরুণদের জন্য প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। এর ফলে দেশে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বিদেশে দক্ষ শ্রমশক্তি হিসেবেও তারা কাজের সুযোগ পাবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের সুযোগ তৈরি, ফ্যামিলি কার্ড চালু এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেবে বিএনপি। একই সঙ্গে বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনকেও অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
জনসভায় বক্তব্যের শুরুতেই ভাষানটেক এলাকার ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন তারেক রহমান। তাদের কাছ থেকে এলাকার সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই শপথ নিয়ে এগিয়ে যেতে হবে। তার দাবি, ধানের শীষ প্রতীক যতবার জনগণের রায়ে নির্বাচিত হয়েছে, ততবারই দেশের মানুষের জীবনমানের উন্নতি হয়েছে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

কীওয়ার্ডস:তারেক রহমান,বিএনপি নির্বাচন,কর্মসংস্থান উন্নয়ন