মাদুরোর পতনের নেপথ্যে গোপন সমঝোতা,ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়েছিলেন ডেলসি রদ্রিগেজ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৩ ২০:৩৮:০২
image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার শক্তিশালী নিরাপত্তাবেষ্টিত প্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজ ও তার ভাই হোর্হে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতায় যুক্ত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, মাদুরোর পতনের কয়েক মাস আগেই ডেলসি রদ্রিগেজ নিয়মিত যোগাযোগ রাখছিলেন যুক্তরাষ্ট্র ও কাতারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, মাদুরো ক্ষমতাচ্যুত হলে নতুন রাজনৈতিক বাস্তবতায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার বার্তা দিয়েছিলেন ডেলসি ও তার ভাই।
গত নভেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর এক ফোনালাপে ক্ষমতা ছাড়ার আহ্বান প্রত্যাখ্যান করার পরই পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। ওই সময় থেকেই ডেলসির সঙ্গে মার্কিন প্রশাসনের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সন্দিহান থাকলেও পরে মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় স্থিতিশীলতা রক্ষায় ডেলসি রদ্রিগেজকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বিবেচনা করা হয়।
এই গোপন আলোচনায় কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাতারের শাসক পরিবারের সঙ্গে ডেলসির ব্যক্তিগত সম্পর্ক আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওয়াশিংটন ও দোহা— উভয় পক্ষই ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে নীরব সমঝোতায় পৌঁছেছিল।
চলতি জানুয়ারিতে মার্কিন বাহিনীর কারাকাস অভিযান চলাকালে ডেলসি রদ্রিগেজ প্রকাশ্যে কোথাও ছিলেন না। শুরুতে তার মস্কো পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়ালেও পরে জানা যায়, তিনি ভেনেজুয়েলার মার্গারিটা দ্বীপে অবস্থান করছিলেন। অভিযানের পর ট্রাম্প নিজেও ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার ক্ষমতার রদবদলে অভ্যন্তরীণ সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরবর্তীতে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে সাবেক নেতার বিরুদ্ধে এই গোপন অবস্থান বিশ্ব রাজনীতিতে ‘বিশ্বাসঘাতকতা বনাম কৌশল’-এই বিতর্ককে আরও উসকে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কীওয়ার্ডসঃভেনেজুয়েলা সংকট,ডেলসি রদ্রিগেজ,মাদুরোর পতন