২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের কার্যকারিতা প্রদর্শনের পর পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে আন্তর্জাতিক আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিরক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসলামাবাদ বর্তমানে অন্তত ১৩টি দেশের সঙ্গে যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম রপ্তানি নিয়ে সক্রিয় আলোচনা চালাচ্ছে।
পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ-১৭ থান্ডার একটি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান। তুলনামূলকভাবে কম খরচে আধুনিক যুদ্ধক্ষমতা দেওয়ায় এটি পশ্চিমা যুদ্ধবিমানের বিকল্প হিসেবে অনেক দেশের নজর কাড়ছে। প্রতিটি বিমানের মূল্য আনুমানিক ২৫ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, উন্নত এভিওনিক্স, দৃষ্টি সীমার বাইরে আঘাত হানার সক্ষমতা এবং বিভিন্ন ধরনের অস্ত্র সংযোজনের সুযোগ-এই তিনটি দিক জেএফ-১৭-কে বাজেট-সংকটে থাকা কিংবা সরবরাহ নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর জন্য আকর্ষণীয় করে তুলেছে।
আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা যায়, পাকিস্তান জেএফ-১৭-এর তৃতীয় সংস্করণ রপ্তানির বিষয়ে একাধিক দেশের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। এই আলোচনায় কেবল যুদ্ধবিমান নয়, বরং প্রশিক্ষণ বিমান, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সাঁজোয়া যানও অন্তর্ভুক্ত রয়েছে।
আলোচনায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে অগ্রসর অবস্থানে রাখা হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনী প্রকাশ্যে জানিয়েছে, তৃতীয় সংস্করণের যুদ্ধবিমানসহ পরিপূরক প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে ঢাকার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে। এছাড়া ইরাক তাদের বিমান বাহিনীর সরবরাহ উৎস বৈচিত্র্যময় করতে আগ্রহ দেখিয়েছে, আর ইন্দোনেশিয়ার সঙ্গে প্রায় ৪০টি যুদ্ধবিমান ও সহায়ক সরঞ্জাম নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব বা ঋণ রূপান্তরের আওতায় সম্ভাব্য বিকল্প পর্যালোচনা করছে। আফ্রিকার মরক্কো, ইথিওপিয়া, নাইজেরিয়া ও সুদানও আলোচনার তালিকায় রয়েছে। পাশাপাশি পূর্ব লিবিয়ার প্রশাসন বৃহত্তর অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে জেএফ-১৭-এ আগ্রহ দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই নয়টি দেশের বাইরে আরও চারটি দেশের সঙ্গে আলোচনা চললেও সংবেদনশীলতার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্ত্র সরবরাহ সংকট, বাস্তব সংঘর্ষে প্রমাণিত সক্ষমতা এবং সাশ্রয়ী মূল্য-এই সমন্বয়ই জেএফ-১৭ থান্ডারকে আন্তর্জাতিক বাজারে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
কীওয়ার্ডসঃJF-17 থান্ডার,পাকিস্তান প্রতিরক্ষা রপ্তানি,যুদ্ধবিমান বাজার