কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।
বুধবার কোম্পানীগঞ্জ উপজেলায় জেএসডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কামাল উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, নোয়াখালী জেলা নির্বাচন কমিশন তাঁকে ভুলভাবে ঋণখেলাপি হিসেবে অভিযুক্ত করে মনোনয়ন বাতিল করেছিল। অথচ আমি কোনো ঋণখেলাপি নয়। বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন এবং জেলা নির্বাচন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নে) তিনি জেএসডির বৈধ প্রার্থী। এখন নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই।
জেএসডির আদর্শ ও ইতিহাস তুলে ধরে কামাল পাটোয়ারী বলেন, আসম রবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মুক্তিযুদ্ধের রূপকার সিরাজুল আলমের চেতনা ধারণ করে রাজনীতি করছেন। শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য।
নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় শিল্পকারখানা স্থাপন করে বেকারত্ব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি নদীভাঙন রোধ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন।
তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না; একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলাই তাঁর অঙ্গীকার।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নোয়াখালী-৫ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,তারা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো: আলা উদ্দিন,
সদস্য শামসুল আলম কাজল,কবিরহাট উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম খলিল, কোম্পানীগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, জেলা জেএসডির সদস্য ইকবাল হোসেন রুবেল,সাবেক ছাত্র নেতা মো: কামাল উদ্দিন প্রমূখ।