ইরানে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কঠিন শাস্তির হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২০ ২৩:২৭:৩২
image

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্ব। বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘দয়া নয়, ন্যায়বিচার’ নিশ্চিত করার হুঁশিয়ারি দিয়েছে বিচার বিভাগ। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেন, সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় বিচার বিভাগের কার্যক্রম এখন পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তার ভাষায়, যিনি ক্ষমার যোগ্য নন, তাকে ছাড় দেওয়া হলে তা ন্যায়ের পরিপন্থী হবে।
এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন রোববার স্বল্প সময়ের জন্য আংশিকভাবে ইন্টারনেট চালু করা হলেও পরে তা আবার অধিকাংশ ব্যবহারকারীর জন্য বন্ধ করে দেওয়া হয়। এতে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা আরও সংকুচিত হয়ে পড়ে।
এর আগে বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন বিচার বিভাগের প্রধান। বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে তিন নেতা জানান, তথাকথিত ‘খুনি ও সন্ত্রাসে উসকানি দেওয়া ব্যক্তিদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদেশি শক্তির প্ররোচনায় বিভ্রান্ত হয়ে যারা বিক্ষোভে জড়িয়েছে, তাদের ক্ষেত্রে ‘ইসলামি সহানুভূতি’ বিবেচনার ইঙ্গিত দেওয়া হয়।
ইরানি কর্তৃপক্ষ বরাবরের মতোই এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে। সরকারের দাবি, বিদেশি শক্তিগুলো বিক্ষোভকারীদের অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছে।
এদিকে শনিবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানান, সাম্প্রতিক সহিংসতায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনীর নয়; বরং বিদেশি শক্তির সঙ্গে যুক্ত এজেন্টদের দ্বারা সংঘটিত বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের ডাউনটাউন এলাকায় দোকানদারদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের ধারণা, এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার বা আটক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রতিদিনই নতুন গ্রেপ্তারের ঘোষণা দিচ্ছে।

কীওয়ার্ডস:ইরান বিক্ষোভ,কঠোর শাস্তির হুঁশিয়ারি,সরকারবিরোধী আন্দোলন