কুয়েতে বিয়ের পাশাপাশি বাড়ছে তালাক,প্রতি ঘণ্টায় ভাঙছে একের বেশি সংসার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২০ ২৩:১৭:১৪
image

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সামাজিক জীবনে একদিকে যেমন বিয়ের সংখ্যা বাড়ছে, অন্যদিকে উদ্বেগজনকভাবে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনাও। দেশটির বিচার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে কুয়েতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলন নিবন্ধিত হলেও, প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি করে তালাক সম্পন্ন হচ্ছে।
বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা দপ্তর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের নভেম্বর মাসের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। শরিয়া নোটারাইজেশন বিভাগের নথির ওপর ভিত্তি করে প্রস্তুত করা প্রতিবেদনে সামাজিক লেনদেনের বাড়তি চাপের কথাও উঠে এসেছে।
নভেম্বর মাসে বিয়ে, বিয়ে সত্যায়ন, তালাক, পুনর্মিলন, সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত মোট ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত হয়। এর মধ্যে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত লেনদেন ছিল ১ হাজার ২৫২টি, যা দৈনিক গড়ে ৪২টির বেশি। একই সময়ে তালাক নিবন্ধিত হয়েছে ৫৯৫টি, অর্থাৎ প্রতিদিন প্রায় ২০টি সংসার ভেঙেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ওই মাসে মোট ১ হাজার ১৪৩টি বিয়ে চুক্তি নিবন্ধিত হয়। এর মধ্যে ৭৩ শতাংশের বেশি বিয়ে কুয়েতি নাগরিকদের মধ্যে সম্পন্ন হয়েছে। কুয়েতি ও অ-কুয়েতি নাগরিকদের মধ্যে বিয়ের হারও উল্লেখযোগ্য, যা বহুজাতিক সমাজব্যবস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া ১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়েছে, যার বড় অংশই কুয়েতি স্বামী ও বিদেশি স্ত্রীর মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো, কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি এই সময়ে রেকর্ড হয়নি।
তালাকসংক্রান্ত তথ্যে দেখা যায়, নথিভুক্ত বিচ্ছেদের প্রায় ৫৯ শতাংশই কুয়েতি দম্পতিদের মধ্যে ঘটেছে। পাশাপাশি ৯২টি পুনর্মিলনের ঘটনাও নিবন্ধিত হয়েছে, যা দেখাচ্ছে-সংসার ভাঙার পাশাপাশি কিছু ক্ষেত্রে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাও চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান কুয়েতের সামাজিক কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক চাপ, পারিবারিক প্রত্যাশা ও আধুনিক জীবনের টানাপোড়েন-সব মিলিয়ে বিয়ে ও তালাকের এই সমান্তরাল বৃদ্ধি নতুন করে ভাবনার সুযোগ তৈরি করছে।

কীওয়ার্ডসঃ কুয়েত সমাজ,বিবাহ ও তালাক,পারিবারিক সংকট,শরিয়া নোটারাইজেশন