নেপালকে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ,সাফ উইমেনস ফুটসালে দাপুটে ছন্দে সাবিনারা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-১৯ ২২:৪৮:১২
image

সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ নারী দল। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে লিড নেয় দল। এটি ছিল চলতি টুর্নামেন্টে সাবিনার চতুর্থ গোল। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে সাবিনারা। নির্ধারিত সময়ের আগে লিপি আক্তারের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
রক্ষণভাগেও ছিলেন দৃঢ়। গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচে নেপালের একাধিক আক্রমণ রুখে দিয়ে ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন।
সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে তারা।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে জয়ের সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে এক পয়েন্ট আদায় করে নেয় সাবিনারা।

কী-ওয়ার্ডস:সাফ উইমেনস ফুটসাল,বাংলাদেশ নারী ফুটবল,সাবিনা খাতুন