টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না,২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত চাইল আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-১৯ ১২:১২:৩৫
image

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চলমান অনিশ্চয়তা এখন চূড়ান্ত মোড়ে। প্রায় তিন সপ্তাহের আলোচনা ও টানাপোড়েনের পর আইসিসি সাফ জানিয়ে দিয়েছে-আগামী ২১ জানুয়ারির মধ্যেই বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।
গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে এই আলটিমেটাম দেয় আইসিসি। বৈঠকে বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করলেও ভারতের মাটিতে খেলতে আপত্তির কথা পুনর্ব্যক্ত করে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে তারা সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করে।
তবে আইসিসি বাংলাদেশের এই প্রস্তাবে সম্মতি দেয়নি। সংস্থাটি জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ দলকে কলকাতা ও মুম্বাইয়ে চারটি ম্যাচ খেলতে হবে।
এছাড়া বিসিবি গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিল, যাতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়। কিন্তু আইসিসি সেই অনুরোধও নাকচ করে দেয়।
আলোচনায় আইসিসি স্পষ্ট করে জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বিসিবি যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।
আইসিসি সূত্রে জানা গেছে, বর্তমান র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড সেই বিকল্প দলের তালিকায় এগিয়ে রয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত শুধু একটি টুর্নামেন্ট নয়, দেশের আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

কী-ওয়ার্ডস:টি-টোয়েন্টি বিশ্বকাপ,আইসিসি আলটিমেটাম,বিসিবি সিদ্ধান্ত