২০২৬ হজ ব্যবস্থাপনায় বড় উদ্যোগ: ১০০ হজ গাইড নিয়োগ দিল ধর্ম মন্ত্রণালয়

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০১-১৯ ১০:৪৯:৫০
image

২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ১০০ জন হজ গাইড নিয়োগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক অফিস আদেশের মাধ্যমে শর্তসাপেক্ষে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফাসহ হজের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে হজযাত্রীদের সার্বক্ষণিক সহায়তা প্রদান করবেন এসব গাইড। একজন গাইড গড়ে ৪৬ জন হজযাত্রীর দায়িত্ব পালন করবেন।
নির্দেশনা অনুযায়ী, মনোনীত গাইডদের হজ অফিস, ঢাকায় অঙ্গীকারনামা জমা দিতে হবে এবং আবশ্যিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে গাইডরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন। পাশাপাশি বায়োমেট্রিক সম্পন্ন, টিকা গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ ও বিমানের টিকিট পেতে হজযাত্রীদের সরাসরি সহায়তা করবেন তারা।
এছাড়া হজের আরকান-আহকাম ও সঠিক নিয়মকানুন সম্পর্কে হাজীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও গাইডদের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে।
গাইডদের জন্য কঠোর আচরণবিধিও নির্ধারণ করেছে মন্ত্রণালয়। হজযাত্রীদের ব্যক্তিগত কাজে সহায়তা বা কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সব পরিস্থিতিতে নম্র ও শালীন আচরণ বজায় রাখা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
কোনো হজযাত্রী অসুস্থ হলে কিংবা হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করাও গাইডদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
চাকুরিরত গাইডদের সৌদি আরবে অবস্থানকাল ‘অন ডিউটি’ হিসেবে গণ্য হবে। তবে এ ক্ষেত্রে নিজ নিজ দপ্তর বা কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) সংগ্রহ করতে হবে। গাইডরা হজযাত্রীদের মতোই সব সুযোগ-সুবিধা পাবেন এবং মোবাইলসহ আনুষঙ্গিক খরচ বাবদ নির্ধারিত ভাতাও পাবেন।
হজ কার্যক্রম শেষে সৌদি আরবে দায়িত্ব পালনের সার্বিক অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরে একটি লিখিত প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জমা দেওয়া গাইডদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

কী-ওয়ার্ডসঃহজ গাইড নিয়োগ,২০২৬ হজ ব্যবস্থাপনা,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়