দাবানলে মৃত্যুপুরী চিলি: ১৮ প্রাণহানি, দুই অঞ্চলে মহাবিপর্যয় ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৯ ০৯:৫১:২৮
image

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলের তাণ্ডবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দেশের বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ও ‘মহাবিপর্যয়’ পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। দাবানলের কারণে এরই মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এই দুই অঞ্চলে প্রায় ৫০ হাজার একর বা ৮৫ বর্গকিলোমিটার এলাকা দাবানলে পুড়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় রোববার (১৮ জানুয়ারি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক আনুষ্ঠানিকভাবে মহাবিপর্যয় ঘোষণা করেন।
প্রেসিডেন্ট বোরিক বলেন, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে। এর আগে নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছিল।
চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট বোরিক জানান, আগুন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সম্পদ’ প্রস্তুত রাখা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে সরাসরি যুক্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার। স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে সতর্ক করে বলেন, আগামী কয়েকদিনে অতিরিক্ত তাপমাত্রা ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলতে পারে।
এদিকে স্থানীয় গণমাধ্যম ও বিবিসির প্রতিবেদনে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ি এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতবাড়ির ভয়াবহ ছবি প্রকাশ পেয়েছে। চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী, যার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো বায়োবিও ও নুবলে অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বর্তমান পরিস্থিতিতে চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।

কী-ওয়ার্ডস:চিলি দাবানল,মহাবিপর্যয় ঘোষণা,তাপপ্রবাহ সতর্কতা