গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার যেকোনো মার্কিন উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক নাগরিক। সম্প্রতি সিবিএস নিউজ পরিচালিত এক জরিপে উঠে এসেছে, প্রায় ৮৬ শতাংশ আমেরিকান নাগরিক এই ধরনের পদক্ষেপের ঘোর বিরোধী।
রাজনৈতিক মেরুকরণ প্রবল থাকা সত্ত্বেও এই ইস্যুতে বিরল ঐক্যের ইঙ্গিত মিলেছে। জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের মধ্যেও বড় ধরনের অনীহা লক্ষ্য করা গেছে। দলটির প্রায় ৭০ শতাংশ ভোটার গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে মত দিয়েছেন। তবে একই সঙ্গে প্রায় ৩০ শতাংশ রিপাবলিকান ভোটার প্রয়োজনে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত প্রকাশ করেছেন।
এদিকে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে কড়া ভাষায় সমালোচনা করেন। গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে তিনি সরাসরি ‘ব্ল্যাকমেইলিং’ হিসেবে আখ্যা দেন।
ডাচ পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই ধরনের চাপ প্রয়োগ ন্যাটো জোট কিংবা গ্রিনল্যান্ড-কারোর জন্যই কল্যাণকর নয় এবং এটি একেবারেই অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।
এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৭ জানুয়ারি) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।
মূলত গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিতে এসব দেশের কর্মীদের পাঠানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই এই শুল্ক আরোপকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।
কী-ওয়ার্ডস:গ্রিনল্যান্ড ইস্যু,মার্কিন জনমত,ট্রাম্প শুল্ক