কোহলির আরও এক শতক,শচীনের ঐতিহাসিক ১০০ থেকে এখনো ১৫ ধাপ দূরে কিং

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-১৮ ২০:৫৪:৩৩
image

আরও একটি সেঞ্চুরি যোগ হলো বিরাট কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারে। ক্রিকেট ইতিহাসে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির অমর রেকর্ড ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। তবে সেই স্বপ্নের মাইলফলকে পৌঁছাতে কোহলিকে এখনও পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরম্যাট মিলিয়ে কোহলির শতকের সংখ্যা এখন ৮৫। শচীনের অনন্য রেকর্ডে নাম লেখাতে হলে তাকে করতে হবে আরও ১৫টি সেঞ্চুরি। তবে বাস্তবতা বলছে, কাজটা এখন আগের চেয়ে কঠিন।
কোহলি ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট ক্রিকেটেও নিয়মিত না থাকায় এখন তার সামনে মূল ভরসা একমাত্র ওয়ানডে ফরম্যাট। ক্রিকেট বিশ্লেষকদের মতে, তিন ফরম্যাটে নিয়মিত খেলতে পারলে ১০০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা তুলনামূলক সহজ হতো।
রোববার ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সময় দায়িত্ব নেন কোহলি। চাপের মধ্যেই ৯১ বল মোকাবিলা করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ৭ রানের জন্য শতক হাতছাড়া হয়েছিল কোহলির। তবে শেষ ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়ে আবারও প্রমাণ করলেন-ফর্ম আর ফোকাসে থাকলে কোহলির জন্য অসম্ভব বলে কিছু নেই।

কী-ওয়ার্ডসঃবিরাট কোহলি,শততম সেঞ্চুরি,শচীন টেন্ডুলকার