নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী সূচনা করল বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে নিগার সুলতানারা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ১৫৯ রান। শুরুতেই দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ২৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো ভিত তৈরি করেন। দিলারা ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন শারমিন আক্তার। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় তার ৬৩ রানের ঝলমলে ইনিংসই বাংলাদেশের সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
শেষ দিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ রান এবং স্বর্ণা আক্তারের ১২ বলে অপরাজিত ১৬ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধবন নেন ৩টি উইকেট।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ওপেনার দিশা ও চেতনা পাগিদ্যালা ৪২ রানের জুটি গড়েন। তবে ওপেনিং জুটি ভাঙতেই ছন্দ হারায় তাদের ব্যাটিং। চেতনা ৩৬ রান করে আউট হওয়ার পর মাঝের ওভারে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিতু সিং। মাত্র ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৯ উইকেটে থামে ১৩৭ রানে। নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে সফল, ২৪ রানে নেন ৪ উইকেট। রিতু মনি ৩টি এবং রাবেয়া খান ২টি উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাস আরও দৃঢ় হলো।
কী-ওয়ার্ডস:নারী বিশ্বকাপ বাছাই,বাংলাদেশ নারী দল,যুক্তরাষ্ট্র হারল