আমারও একদিন যেতে হবে - দিনে কিংবা রাতে,
হবে হয়ত ফাল্গুন বা জন্মে ছিলাম যে মাঘ মাসে
অথবা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি বা জুলিয়ান বর্ষপঞ্জির কোন এক মাসে।
ঘুমে বা জাগরণে!
প্রয়াণের দিন, মাস, সময় – অফিসিয়াল কাগজে গোটা গোটা অক্ষরে
লেখার জন্য ঘড়ির কাঁটা না থেমেও আমাকে থামিয়ে দিয়ে যাবে মুহূর্ত বিলম্ব না করে।
বেজে ওঠা ফোনে – একটি বিদায়ের খবর – পৃথিবী থেকে পরলোকে!
যদিও তা জানা নেই কারো আসলে তা কোথায়।
হয়ত তাই নীরবে মাথা নত হবে কিছুক্ষন।
অথবা চিরায়ত নিয়ম মৃতের আত্মার জন্য একমিনিটের নীরবতা পালন।
আমাকে শেষ দেখার জন্য চেনাজানা কিছু লোকের সমাগম –
কেউ ব্যথিত, কেউ ব্যথিতদের সমব্যথী!
কারো হাতে ফুলের তোড়া- সাথে হলমার্কের লেখা শোকবার্তা কার্ডের
পাতায় এলিজি বা আবেগের আকুলতায় কোন ছোট গীতিনাট্য!
বা কবিতা,অথবা আমার প্রিয় কোন গান মনে করে আর্দ্র হবে চোখ।
অথবা অবহেলার জন্য ক্ষমা ভিক্ষা!
সবুজঘাসের তলায় শুয়ে থাকা আমার
এইসব কিছুই কী আর প্রয়োজন?