চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ টি দেশীয় ধারাল অস্ত্র ও ঢাকা থেকে নৈশ কোচে পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে নেমে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর নিকট থেকে ছিনতাইকৃত কিছু মালামালসহ পূর্বের একাধিক মামলার আসামীসহ ৩ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(১৭ জানুয়ারী) ভোররাত থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শহরের আরামবাগ মহল্লার আক্তার আলীর ছেলে এনামুল হক এনা(৪৬), মাঝপাড়া মহল্লার মৃত কাওসারের ছেলে মো. রুবেল(৩৮) ও শান্তিমোড় এলাকার মিজানুর রহমানের ছেলে মো.আওয়াল (৪০)।
শনিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, শহরের ১০ নং ওয়ূার্ডের নয়নশুকা কামাড়পাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে রবিউল হক ঢাকায় টেক্সটাইল মিলে সুতার ব্যবসা করেন। গত বুধবার (১৪ জানুয়ারী) ভোর ৫টায় ঢাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে নৈশকোচে চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে আরামবাগ এলাকায় অজ্ঞাত ৪ জন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা পথরোধ করে ইট দিয়ে আঘাত করে ও ধারাল অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের যাবতীয় মালামাল কেড়ে নেয়। ওই মালামালের মধ্যে রয়েছে একাধিক আইফোন, হীরার অলংকার,নগদ টাকা, ব্যাংক কার্ড, চেক বই,জরুরী কাগজপত্র,পোষাকসহ একাধিক ব্যাগসহ পরিবারটির সাথে থাকা সব কিছু।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় ওই ব্যবসায়ী গত শুক্রবার দিবাগত গভীর রাতে(শনিবার) সদর থানায় মামলা করলে পুলিশের একাধিক দল মাঠে নামে। তারা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যে রাতভর অভিযান চালিয়ে ওই তিন ছিনতাইকারীকে শনাক্তপূর্বক গ্রেপ্তার করে। এ সময় জড়িত অপর একজন পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তারদের নিকট থেকে উদ্ধার হয় ধারাল অস্ত্র, ১টি আইফোনসহ বিভিন্ন কাগজপত্র।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) জাহিদ হাসান বলেন,গ্রেপ্তারদের বিকাল সাড়ে ৫টায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসবাদে তাঁরা ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। চাঞ্চল্যকার ছিনতাইের এই ঘটনায় জড়িত অপর আসামী সহ সংশ্লিস্টদের গ্রেপ্তারে ও ছিনতাইকৃত অনান্য মালামাল উদ্ধারে অভিযান চলছে।