ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা দুই দফা তিন দিনের ছুটি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০১-১৬ ১০:৩৫:২৮
image

আগামী ফেব্রুয়ারি মাস সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি ভোগ করার সুযোগ তৈরি হয়েছে।
প্রথম দফার দীর্ঘ ছুটি আসছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি) যুক্ত হওয়ায় টানা তিন দিনের অবকাশ মিলবে।
এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার টানা ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই দুই দফা দীর্ঘ ছুটি পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর পরিকল্পনা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

কী-ওয়ার্ডসঃসরকারি ছুটি,ফেব্রুয়ারি ছুটির সূচি,শবে বরাত ও নির্বাচন