ইরানে হামলা স্থগিত রাখতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৬ ১০:১২:৩৭
image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা ও সম্ভাব্য ব্যাপক সংঘাতের ঝুঁকি বিবেচনায় রেখেই এই অনুরোধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে সৌদি আরব, কাতার ও ওমান যৌথভাবে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানান, ইরানে হামলা চালানো হলে তা পুরো অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে-এ আশঙ্কায় তারা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।
আল-আরাবিয়ার খবরে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর এই অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনাও শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম ইরান ইস্যুতে আরব মিত্রদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের কৌশল পুনর্মূল্যায়নের কথা বলেছেন।
নিউইয়র্ক টাইমস জানায়, নেতানিয়াহু নিজেই ট্রাম্পকে সামরিক পরিকল্পনা পিছিয়ে দিতে অনুরোধ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বড় ধরনের হামলা ইরানে সরকার পরিবর্তন আনতে ব্যর্থ হতে পারে এবং তা আরও বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে—এই আশঙ্কা থেকেই ট্রাম্পকে সতর্ক করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও ইসরায়েল সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই, যদিও দক্ষিণ চীন সাগর থেকে একটি রণতরী পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কী-ওয়ার্ডস:ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, নেতানিয়াহু-ট্রাম্প, মধ্যপ্রাচ্য কূটনীতি, সম্ভাব্য সামরিক হামলা