পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার কেনায় আগ্রহী ইরাক,সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৬ ১০:০৭:১০
image

ইরাক পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
আইএসপিআর জানায়, সরকারি সফরে ইরাক সফরকালে পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ইরাকি বিমানবাহিনীর সদরদপ্তরে দেশটির বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ ঘালিব মোহাম্মদ রাদি আল-আসাদির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকরী সমন্বয় বা অপারেশনাল ইন্টারঅপারেবিলিটি উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান ইরাকি বিমানবাহিনীর প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, ইরাকি বিমানবাহিনী প্রধান পাকিস্তান বিমানবাহিনীর পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। তিনি পাকিস্তানের উন্নত প্রশিক্ষণ কর্মসূচি থেকে উপকৃত হওয়ার আগ্রহ জানান এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদ সফররত বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন জাহির আহমেদ বাবর সিধু। ওই বৈঠকে বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ সহায়তা, আকাশ নজরদারি জোরদারে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম সংযুক্তি এবং জেএফ-১৭ থান্ডার ও সুপার মুশশাক বিমানের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানায় আইএসপিআর।

কী-ওয়ার্ডস:জেএফ-১৭ থান্ডার,ইরাক-পাকিস্তান সামরিক সহযোগিতা,পাকিস্তান বিমানবাহিনী