যমুনায় প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে গুলশানে ফিরলেন তারেক রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৫ ২১:১০:১৫
image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাত ৯টা ১১ মিনিটে তারেক রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে যমুনা ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি যমুনায় প্রবেশ করেন।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সংবাদ লেখা পর্যন্ত বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিএনপির ফেসবুক পেজের তথ্যমতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এর আগে তিনি সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন। পরে বাসভবনে স্বল্প সময় অবস্থান করে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা দেন।
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পক্ষই বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেনি।

কী-ওয়ার্ডস:তারেক রহমান,ড. মুহাম্মদ ইউনূস,যমুনা বৈঠক