একটা অসমাপ্ত স্ত/নের ছবি
ড্যাব ড্যাব করে তাকিয়ে রংয়ের প্যালেটে
লাল লজ্জিত কালো শিহরিত
নুয়ে পড়েছে তুলি কান্নায়
যো/নি/দেশ যার ভেঙে যাওয়া দেওয়াল
প্লাবণে ভেসে যাওয়ার কাদা পথ
আঁধার নামায় ক্রমে
এলোচুল, ফুলময় রজনী কালো
পুড়েছে প্রি/য়াংকা অভয়া নির্ভয়া আরো কত
ভিঞ্চি আপনি কি জানেন
যদি জানতেন, তাদের স্ত/নের অগ্রভাগে
তাহলে কোন রং লেপে দিতেন
লাল নাকি কালো
নাকি আরো নিচে, নারীত্বের
অসম অবমাননায় পৈশাচিক সংহারে র/ক্ত প্লাবন?
ভিঞ্চি নীরব,
পাবলো আপনিই বলুন
নারী বলে ক্ষমা হলো না যাদের
পরিশোধে ছিল না যাদের জন্মের করুণা
কোন আকারে আঁকতেন তাদের টুকরো টুকরো সম্ভ্রম?
সাদা কাপড়ে ঢেকে
নাকি ভিন্ন কালিতে করতেন উলঙ্গ?
নাকি পাতার মত চিরে দেওয়া গোপ/নাঙ্গ
গলা অথবা পেট
বাঁচার চিৎকারে বিকৃত হয়ে ওঠা মুখ
কালশিটে পড়া চোখ
নাকি রিরংসার উল্লাসিত পৈশাচিক মুখ?
কোনটাকে ফুটিয়ে তুলতেন আপনার তুলিতে
নাকি চোখ ফিরিয়ে নিতেন তার নৃশংসতায়?
চরম ধিক্কারে এক করে দিতেন লাল আর কালো
কালো আর লালে!