নবম পে স্কেল চূড়ান্তের পথে: আজ পূর্ণ কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৫ ০৯:১৭:০৮
image

সরকারি কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় সদস্যদের মধ্যে ঐকমত্য হলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন, গ্রেড সংখ্যা নির্ধারণের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যেসব বিষয়ে কমিশনের সদস্যরা একমত হবেন, সেগুলো তাৎক্ষণিকভাবে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
পে কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশন শুধু বেতন কাঠামোর সুপারিশেই সীমাবদ্ধ থাকছে না। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়—এসব বিষয়কে সূচক হিসেবে ধরে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে সরকারের জন্য এই কাঠামোই বেতন নির্ধারণের মূল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
এর আগে গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে নবম পে স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। কমিশন সূত্র জানায়, ১:৮, ১:১০ ও ১:১২—এই তিনটি প্রস্তাবের মধ্যে ১:৮ অনুপাতকে বাস্তবসম্মত হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি আলাদা প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে, যার যে কোনো একটি আগামী বৈঠকে চূড়ান্ত হতে পারে।
উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের মূল দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারকে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

কী-ওয়ার্ডস:নবম পে স্কেল,সরকারি বেতন,পে কমিশন