এ স এ ম আ জা দ হো সে ন

  • জোট ও ভোট
  • ২০২৬-০১-১৪ ১২:০১:২৬
image

জোট গড়ে ঘরে ঘরে দরজা বন্ধ করে,
ভোট আসে খোলা মাঠে-রোদে, ধুলোয়।
ওখানে চুক্তি হয় কাগজে,
এখানে হিসাব লেখা থাকে পেটে আর মনে।

একই মুখ, ভিন্ন ব্যানার,
একই কথা,শুধু স্লোগান পাল্টায়।
গতকালের শত্রু আজ ভাই,
কারণ ক্ষমতার মানচিত্র বদলেছে।

মঞ্চে দাঁড়িয়ে নীতির ভাষণ,
পেছনের ঘরে ভাগের হিসাব-
কোন মন্ত্রণালয়, কোন আসন,
মানুষটা থাকে তালিকার বাইরে।

ভোটার জানে,তবু চুপ থাকে,
কারণ চুপ থাকাও এখন অভ্যাস।
কেউ ভয়ে,কেউ ক্লান্তিতে,
কেউ আবার সবাই এক ভেবে।

কিন্তু ব্যালটের কাগজ
একদিন হিসাব ফেরত চায়।
সেদিন জোট ভেঙে পড়ে
একটা প্রশ্নে-
ক্ষমতা কার,আর দায় কার?

ভোট তখন শুধু চিহ্ন নয়,
ওটা নীরব প্রতিবাদ,
ওটা হিসাবের খাতা-
যেখানে শেষ লাইনে লেখা থাকে
মানুষের রায়,
কাটাছেঁড়া ছাড়া।