গণ-অভ্যুত্থানের সময় দেশে আত্মগোপন, আট মাস পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০১-১৪ ১১:২৭:০১
image

আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন গণ-অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন এবং প্রায় আট মাস আত্মগোপনে কাটিয়েছেন। আত্মগোপনের ওই সময় তিনি একাধিকবার বাসা ও মোবাইল সিম পরিবর্তন করেন এবং চেহারায় আমূল পরিবর্তন এনে দাড়ি রাখেন বলে জানা গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দৈনিক মানবজমিনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রী-এমপিদের মতো ড. মোমেনও আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় দেশের ভেতরেই বিভিন্ন ভাড়া বাসায় লুকিয়ে ছিলেন তিনি। এক বছরেরও বেশি সময় জনসম্মুখে আসেননি সাবেক এই কূটনীতিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে ড. মোমেন নিজেই আত্মগোপনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, গণ-অভ্যুত্থানের আগে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন, তবে কয়েক দিন পর দেশে ফেরেন। দেশে ফেরার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তাকেও আত্মগোপনে যেতে হয়।
দেশ ছাড়ার বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা না দিলেও তিনি বলেন, কীভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন-এ নিয়ে এখনো কথা বলার সময় আসেনি। এ বিষয়ে রহস্য বজায় রাখেন তিনি। সাক্ষাৎকারে ড. মোমেন বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, তাই আত্মবিশ্বাস ছিল। কিন্তু তখন সবাই বলছিল-আপনার নাম্বার পেয়ে গেছে, এখান থেকে পালান।’
আত্মগোপনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পরিচিত আত্মীয়স্বজনের বাসায় না গিয়ে সাধারণ মানুষের ভাড়া বাসায় অবস্থান করেছেন, যাতে সহজে শনাক্ত হওয়া না যায়। বাইরে বের হলে কেউ চিনে ফেলতে পারে-এই ভয়ে চেহারার পরিবর্তনও করেছিলেন। দেশ ছাড়ার বিষয়ে তিনি ইঙ্গিত দেন, সরকারি কিছু লোক তাকে সহায়তা করেছেন, তবে বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না।

কী-ওয়ার্ডস:আব্দুল মোমেন, আত্মগোপন, গণ-অভ্যুত্থান