নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশিদের ভিসায় কড়াকড়ি,অন-অ্যারাইভাল সাময়িক স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৪ ০৯:৫৯:৩৮
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান প্রক্রিয়া নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে নতুন ভিসা নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা আদেশে জানানো হয়, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে। এতে বলা হয়েছে, ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তী সংশোধনী অনুযায়ী বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে সুনির্দিষ্ট উদ্দেশ্য যাচাই করে ভিসা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিনা ভিসায় আগত বিদেশিদের ক্ষেত্রে আগমনী ভিসা দেওয়ার সময় আগমনের উদ্দেশ্য, স্পন্সর, আবাসস্থল, ফিরতি টিকিটসহ সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো ধরনের সন্দেহ বা অনিয়ম পাওয়া গেলে ভিসা প্রদান না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচনকালীন নির্ধারিত সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সিলযুক্ত ভিসা দেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশে পর্যবেক্ষকদের ক্ষেত্রে ভিসা ফি মওকুফের সুযোগও রাখা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌবন্দরে বিদেশিদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি নাগরিকদের ভিসা ও যাতায়াত সংক্রান্ত তথ্য প্রতিদিন এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত ও মধ্যপ্রাচ্যের দেশের নাগরিকরা সাধারণত অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন। তবে নির্বাচনকালীন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এসব দেশের নাগরিকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কী-ওয়ার্ডস:ভিসা নির্দেশনা,জাতীয় নির্বাচন,অন-অ্যারাইভাল ভিসা