মন্ত্রণালয়ের শেষ চার মাসে তাকে কার্যত কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় পুরোনো কাঠামো ও প্রভাবশালী গোষ্ঠীর বাধার কথাও তুলে ধরেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে নিরাপত্তাজনিত উদ্বেগে তিনি সাধারণত বাসা থেকে বের হন না। তার ভাষায়, সত্য কথা বলার কারণেই তিনি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন এবং এ কারণেই মন্ত্রণালয়ের শেষ চার মাস তাকে কার্যত কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।
মাহফুজ আলম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধার জন্য হয়নি, বরং এটি ছিল সামগ্রিক পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন আনতে হলে রাষ্ট্র সংস্কার জরুরি, কিন্তু বাস্তবে সে উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে দালালচক্র সম্পদ গড়ে তুলেছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, পুরোনো বন্দোবস্ত ও পুরোনো লোকজনকে বহাল রেখে নতুন রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। শেষ চার মাসে তাকে কাজ করতে না দেওয়ার কারণে রাষ্ট্র সংস্কারের কোনো বাস্তব অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সম্পদের পুনর্বণ্টনের বিষয়টি তুলে ধরে মাহফুজ আলম বলেন, জুলাই সনদে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি হয়ে থাকে, তাহলে কেন তার বিপরীত বক্তব্য আসছে—সে প্রশ্নও তোলেন তিনি। তার মতে, রাজনৈতিক সমঝোতা মানে শুধু ক্ষমতার ভাগাভাগি নয়, বরং ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস এবং সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করা। বিশেষ করে জমি বণ্টন ইস্যুতে কোনো কার্যকর উদ্যোগ না থাকার বিষয়টি তিনি সমালোচনার সঙ্গে উল্লেখ করেন।
তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে রাজনৈতিক সদিচ্ছা ও কাঠামোগত সংস্কার ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়।
কী-ওয়ার্ডসঃরাষ্ট্র সংস্কার,মাহফুজ আলম,জুলাই অভ্যুত্থান