চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলায় ৩ জন ইউপি সদস্যের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থক বিএনপির একাংশের সভাপতি ইয়াজদানী আল রাজী জর্জ এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকাল ৫টার দিকে ভোলাহাট উপজেলা সদরে কলেজ মোড় এলাকায় উপজেলা বিএনপির ব্যানারে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে আ’লীগ নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগ দেয়া ইউপি সদস্যরা হচ্ছেন ভোলাহাট সদর ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান,৬ নং সদস্য আলমগীর রেজা এবং গোহালবাড়ী ইউপি’র ১ নং ওয়ার্ডের সদস্য সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ৩ নং ইউপি সদস্য আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ,গোহালবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি ও ২ নং ওয়ার্ড সদস্য রহমত আলী,সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুর রাকিব প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে সাবেক আ’লীগ নেতারা বলেন, বিএনপি প্রধান তারেক রহমানের প্রতি আস্থা রেখে তাঁরা বিএনপিতে যোগ দিলেন। ইউপি সদস্য আলমগীর রেজা বলেন,তারেক রহমানের নেতৃত্বে চলমান বিএনপির রাজনীতি পছন্দ করে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি ইয়াজদানী আল রাজী জর্জ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপির রাজনীতিতে আকৃষ্ট হয়ে অর্ধশতাধিক আ’লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। দলে তাঁদের স্বাগত জাননো হয়েছে। আরও কিছু আ’লীগ নেতাকর্মী যোগদানের জন্য যোগাযোগ করছেন। দ্রুত বড় অনুষ্ঠান করে তাঁদেরও দলে নেয়া হবে। যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সনম্পাদকরা উপস্থিত ছিলেন বলেও জানান ইয়াজদানী জর্জ।