উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয়ের শঙ্কা,যুক্তরাষ্ট্র–ইরানকে সংযমের আহ্বান কাতারের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১৩ ২০:৪৫:০১
image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়লে তা উপসাগরীয় অঞ্চলসহ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে কাতার। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং এর জেরে ওয়াশিংটনের সামরিক হুমকির প্রেক্ষাপটে কাতার এই অবস্থান তুলে ধরেছে।
মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি বলেন, এই অঞ্চলে সামান্য উত্তেজনাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তাই কাতার সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে আঘাত হানে। সেই সংকটময় পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতার ভূমিকা পালন করে কাতার।
এদিকে, গত বৃহস্পতিবার থেকে ইরানে শুরু হওয়া ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দেশটির শাসনব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এমন বিস্তৃত আন্দোলন ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম কঠিন পরিস্থিতি তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমননীতি বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্প বিবেচনা করছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা জবাব দেবে এবং মার্কিন সেনা ও নৌপরিবহনকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ জন নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে। তবে সংস্থাটি আশঙ্কা করছে, ইন্টারনেট বন্ধ ও তথ্য গোপনের কারণে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

কী-ওয়ার্ডসঃকাতার সতর্কবার্তা,যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা,ইরান বিক্ষোভ