ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কার্যকর শিক্ষার্থী প্রতিনিধিত্ব নেই। এর মধ্যে জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে চরমভাবে খর্ব করছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, প্রশাসনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা দাবি আদায় না করে রাজপথ ছাড়বে না।
বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষিত স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক দাবি-এ নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। দাবি মানা না হলে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
কী-ওয়ার্ডস:শাবিপ্রবি বিক্ষোভ,ছাত্র সংসদ নির্বাচন,ইসি সিদ্ধান্ত