ইরান আলোচনায় আগ্রহী, বৈঠকের প্রস্তুতি চলছে: ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-১২ ১০:২৯:৪৫
image

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে তার কঠোর অবস্থানের পর দেশটির নেতারা সরাসরি যোগাযোগ করেছেন। তাঁর ভাষায়, 'ইরানের নেতারা ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চান এবং একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের মাধ্যমে ইরান কি যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করছে-এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, 'দেখে মনে হচ্ছে তারা সেটাই শুরু করেছে।'
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, পুরো পরিস্থিতি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সামরিক বাহিনীও সার্বিকভাবে নজরদারি চালাচ্ছে। 'আমাদের সামনে কয়েকটি কঠিন বিকল্প রয়েছে। সব দিক বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব,' বলেন ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশির ভাগই বিক্ষোভকারী বলে দাবি করা হয়েছে। তবে রয়টার্স এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মূলত মূল্যস্ফীতি, বেকারত্ব ও আর্থিক সংকটের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনব্যবস্থার অবসান দাবি করে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যা ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কীওয়ার্ডস:ইরান বিক্ষোভ,ট্রাম্প ইরান মন্তব্য,যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক