মা হ বু বু ল আ ল ম

  • কে আমায় ভুলিয়ে রাখে
  • ২০২৩-০৯-০৪ ০০:০৫:১৪
image

কতদিন যেতে চেয়েও যেতে পারিনি
কেমন এক অলৌকিক মায়ার জালের
যাদুকরি টান ঘুমন্ত প্রণয় ফিরিয়ে এনেছে
নাগচাপা ফুল-এর নৈসর্গিকতার কাছে।

আমাদের এই ঘর-বাড়ি ফুল পাখি নদী 
নিকনো উঠান বাড়ির গাছপালা সবই যেন
জামার আস্তিন টেনে ধরে বলে-আর কত-
অভিমান ছাড়, চেয়ে দেখো ঝুলবারান্দায় 
শোভিত অর্কিড, আর নিচে সারি সারি
বনসাই সবার কথা কী করে ভুলে থাকবে
একবারও কী ভেবেছো এসব কথা!

তোমার ঘামের ঘ্রাণ-কি যে তার সম্মোহনী 
যেখানেই যাই কাঁঠাল মাছির মতো বারবার 
টেনে আনে যেতে চেয়েও যেতে পারি না দূরে
সে কোন বিভ্রমে একই বৃত্তব্যসার্ধের আন্ধারে 
ধরার মতো ঘুরেফিরে একই পথে চলে আসি।

এখানে তোমার যাবতীয় অহংকার, এখানেই
আমায় হারিয়ে প্রতিবার জিতে যাও 
আর আমি বারবার পরাভূত হয়ে সেই
তোমার আশ্রয়ে পোষা বেড়ালের মত ওম
খোঁজে খোঁজে মোহমায়ায় জড়িয়ে থাকি।

তাই যেতে চেয়েও যেতে পারি না আমি
নিরঞ্জন সত্যের মুখোমুখি হয়ে ফিরে আসি
পারি না যেতে দূরে কোথাও অভিমান করে
অভিমানের বরফ গলে হঠাৎই হয়ে যায় নদী
আবেগের তীব্র বানে ভেসে যায় অভিমান।