চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের হাতে আটকের পর বিজিবির কর্তৃক উদ্ধার দুই ভারতীয় জেলেকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি। ব্ঠৈকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়,গত বুধবার(৭ জানুয়ারী) বিকাল ৫টায় পতাকা বৈঠকে ওই দুই ভারতীয়কে ফেরত দেয়া হয়। ওই দুই ভারতীয় হলেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার সিংগাবাদ টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বচ্চন মোহলদার(৩২) এবং একই গ্রামের সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার (২০)।
সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গত বুধবার দুপুর ১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ এর নিকট দিয়ে সিরামের দাঁড়া বিলে মাছ শিকার করতে করতে ওই ২ ভারতীয় বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর স্থানীয় বাংলাদেশীরা তাদের আটক করে। পরে বিকাল ৪টার দিকে চাঁড়ালডাঙ্গা বিওপি সদস্যরা তাঁদের কেতাববাজার নামক এলাকা থেকে উদ্ধার করে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের ফেরত চেয়ে বিজিবির নিকট অনুরোধ করে বিএসএফ। এ প্রেক্ষিতে বিকাল ৫টায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প ও চাঁড়ালডাঙ্গা বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই দুই ভারতীয়কে বিএসএফ এর নিকট হস্তান্তর করে বিজিবি।
বৃহস্পতিবার(৮ জানুয়ারী) বিকালে ১৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, এ ঘটনায় বিএসএফর নিকট কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।